খুলনায় নৌকার প্রতিদ্বন্দ্বী আ.লীগের ‘বিদ্রোহী’

উপজেলা পরিষদ নির্বাচনে খুলনার ৯টি উপজেলায় চেয়ারম্যান পদে ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, যাদের বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী। ফলে ক্ষমতাসীন দল মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের প্রতিদ্বন্দ্বী হয়েছেন দলের নেতারাই।

খুলনা নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা যায়, বটিয়াঘাটা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আশরাফুল আলম একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হচ্ছেন।

পাইকগাছা উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী মোহাম্মদ আলী। তার প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব রশীদুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ।

তেরখাদায় নৌকার প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান শরফুদ্দিন বাচ্চু। তার প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বাদশা মল্লিক, জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাফিজুর রহমান।  দাকোপে নৌকা প্রতীক পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এস এম আবুল হোসেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য মনসুর আলী।

ডুমুরিয়ায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন গুটুদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা সরোয়ার। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনী মাঠে আছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহনেওয়াজ হোসেন, আওয়ামী লীগ নেতা গাজী এজাজ আহমেদ। কয়রায় ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থী উপজেলা সভাপতি জি এম মোহসীন রেজা। দলের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি এস এম শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

ফুলতলায় আওয়ামী লীগের প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন। তার প্রতিদ্বন্দ্বী দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী খান জাহান আলী, শেখ আবিদ হোসেন ও শেখ জাহাঙ্গীর হোসেন।

রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। তার প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলী আকবর শেখ, উপজেলা আওয়ামী লীগের সদস্য অলিয়ার রহমান, জাতীয় পার্টির ফিরোজ মামুন ও স্বতন্ত্র প্রার্থী শওকত আলী। দিঘলিয়ায় নৌকার প্রার্থী খান নজরুল ইসলাম। তার প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ মারুফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মল্লিক মহিউদ্দিন।

খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ জানান, দলীয় সিদ্ধান্ত হচ্ছে বিএনপি নির্বাচনে না গেলে দল থেকে স্বতন্ত্র প্রার্থী হতে বাধা নেই।