ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক প্রভাবশালী ব্যক্তির জমি নিয়ে হয়রানি ও এ সংক্রান্ত সৃষ্ট পরিস্থিতিতে দিশেহারা এক গৃহবধূ ও তার স্বজন ১৫টি পরিবার। হামলা-মামলা আর হুমকিতে নিরাপত্তাহীনতায় কাটছে তাদের জীবন। পুলিশ ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও তারা পাচ্ছেন না সমাধান। অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি উল্টো অভিযোগ করেছেন তাকেও হয়রানি করা হচ্ছে নানাভাবে।
এ ব্যাপারে মামলার এজাহার, অভিযোগ, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা সদরের নিজ সরাইল গ্রামের মৃত ছফর উদ্দিনের কন্যা আশা বেগম ও তার ভাইবোনসহ স্বজন ১৫টি পরিবার ওয়ারিশ সূত্রে সিএস ও আরএস খতিয়ানমূলে একই এলাকার বিভিন্ন দাগে ১১৭ শতাংশ জায়গার মালিক। তারা এসব জায়গায় বসতও করে আসছেন বংশ পরম্পরায়। কিন্তু গত কয়েক বছর ধরে এলাকার প্রভাবশালী আলাউদ্দিন জরু ও তার দলবল নানা কৌশলে ওই জায়গা দখল করার অপতৎপরতা চালাচ্ছে।
জায়গার প্রকৃত মালিকদের পক্ষে আশা বেগম গত ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর নিজেদের জায়গা বুঝে নিতে ব্রাহ্মণবাড়িয়ায় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে একটি মামলা করেন। এরপরই আলাউদ্দিন জরু ও তার দলবলের জায়গা দখলের বিষয়টি প্রকাশ হয়ে পড়ে। এরপর থেকেই আশা বেগম ও তার স্বজনদের ওপর শুরু হয় অত্যাচার। হামলা-ভাঙচুর ও মামলা দিয়ে হয়রানির ঘটনা ঘটতে থাকে। গত কয়েক মাসে আলাউদ্দিন জরু ও তার দল বেশ কয়েকবার আশা বেগম এবং তার স্বজনদের বাড়িঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগ।
তবে অভিযোগ অস্বীকার করেন আলাউদ্দিন জরু।