যাত্রীবাহী বাসে ছিনতাই টাকাসহ গ্রেপ্তার ২

ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের ফতুল্লায় যাত্রীবাহী বাসে এক যাত্রীর কাছ থেকে টাকা নিয়ে পালানোর সময় দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া এক লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।

সদর উপজেলার ফতুল্লা থানার শিবু মার্কেট এলাকায় লিঙ্ক রোডে গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। আটক ছিনতাইকারীরা হলো রাজধানীর শ্যামপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে জুয়েল (৩০) ও নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার শফিকের বাড়ির ভাড়াটিয়া মৃত আবদুস সাত্তারের ছেলে জামাল হোসেন (৩৮)।

ছিনতাইয়ের শিকার আতাউর রহমান প্রাইম টেক্সটাইল মিলের একজন কর্মকর্তা। নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সোনালী ব্যাংকে ওই টাকা জমা দেওয়ার জন্য মৌমিতা পরিবহনের বাসে ওঠেন তিনি। বাসটি শিবু মার্কেট এলাকায় আসা মাত্রই যাত্রীবেশী এক ছিনতাইকারী তার সামনে দাঁড়িয়ে বমির চেষ্টা করে। তখন তিনি তাকে সহযোগিতা করতে চাইলে আরেকজন তার পকেট থেকে টাকা নিয়ে দ্রুত বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় বমির চেষ্টাকারীও বাস থেকে নেমে দৌড় দেয়। বিষয়টি বুঝতে পেরে তিনি চিৎকার দিলে এলাকাবাসী ধাওয়া দিয়ে ওই দুই ছিনতাইকারীকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ এসে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।