টিভি ও হল স্ক্রিনের বাইরে জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে ওয়েব সিরিজের। বলিউডের সুপারস্টাররা কেউ পিছিয়ে নেই এতে। আমির খান, সালমান খান, অক্ষয় কুমার এমনকি শাহরুখ খানও আগ্রহ দেখিয়েছে ওয়েব সিরিজের প্রতি। নায়িকা হয়ে বাদ যাবেন কেন আনুশকা শর্মাও।
বলিউড হাঙ্গামা জানায়, ওয়েব সিরিজ বানানোর জন্য ইতিমধ্যে চিত্রনাট্যের জন্য কথাবার্তাও শুরু করে দিয়েছেন। নিজের প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মস থেকেই বানাবেন এই সিরিজ। এর আগে এ ব্যানার থেকে তিনি নির্মাণ করেছেন একাধিক সিনেমা।
সাংবাদিক ও লেখক তরুণ তেজপালের রহস্যোপন্যাস দ্য স্টোরি অব অ্যাসাসিনস অবলম্বনে সিরিজ বানাতে চান আনুশকা। ইতিমধ্যে তরুণের সঙ্গে আলাপও করেছেন।
তবে মিটু আন্দোলনে কালিমা লেপেছে তরুণের কপালে। সহকর্মীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আইনি ব্যবস্থার সম্মুখীন এ লেখক এখনো নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেননি। তাই তার উপন্যাস নিয়ে কাজ করা আনুশকার জন্য বিব্রতকর হয়ে উঠতে পারে বলে ধারণা করছেন অনেকেই।