পাকিস্তানি সিরিজ ‘জো বাঁচায় হ্যায় গান সমইত লো’ ভারতে নিষিদ্ধের দাবি

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৬ এএম

নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সং সমেত লো’ ভারতে নিষিদ্ধ করার দাবি উঠেছে। তবে এখনও ভারত সরকার বা নেটফ্লিক্সের পক্ষ থেকে চূড়ান্ত নিষেধাজ্ঞা বা আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। আগামী ৪ ডিসেম্বর সিরিজটির প্রথম পর্ব মুক্তি পাওয়ার কথা রয়েছে।

অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে ভারতে পাকিস্তানি ওয়েব সিরিজ নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। তারা নেটফ্লিক্স ইন্ডিয়াকে অনুরোধ করেছে যেন ভারতে কোনো পাকিস্তানি সিরিজ মুক্তি না পায়।

চিঠিতে চলচ্চিত্র শ্রমিক সংগঠনটি লিখেছে, ‘আমরা দাবি জানাচ্ছি যে নেটফ্লিক্স ইন্ডিয়া এবং অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মগুলো যেন ভারতে পাকিস্তানি কন্টেন্ট মুক্তি না দেয়। আমরা একটি কঠোর আইনেরও দাবি জানাচ্ছি।’

এছাড়া চিঠিতে উল্লেখ করা হয়, পাকিস্তান জঙ্গিদের মদত দেয়। তাদের গান, সিরিজ, চলচ্চিত্র, পডকাস্ট বা অন্য কোনো বিষয়বস্তু দেশটিতে প্রকাশের জন্য উপযুক্ত নয়। তারা এই ধরনের বিষয়বস্তু কোনোভাবেই সম্প্রচারের অনুমতি দিতে চায় না।

চিঠিতে ২০২৫ সালের পরামর্শের কথাও উল্লেখ করা হয়েছে। মূলত ২০২৫ সালে পহেলগাম হামলার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সমস্ত ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মকে স্পষ্ট নির্দেশ জারি করে যে ভারতে কোনো পাকিস্তানি কন্টেন্ট স্ট্রিম করা হবে না। এমনটা করা হলে তা দেশপ্রেমহীন কাজ হিসেবে বিবেচিত হবে।

ফারহাত ইশতিয়াকের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিরিজের পরিচালক ও প্রযোজক মোমিনা দুরাইদ। এতে অভিনয় করেছেন ফাওয়াদ খান, মাহিরা খান, হানিয়া আমির, সানাম সাঈদ ও সামান আনসারী। সিরিজটি দুটি ভাগে মুক্তি পাওয়ার কথা রয়েছে, যার প্রথম ভাগ ৪ ডিসেম্বর আসবে।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ সর্বাধিক পঠিত