দক্ষিণ মেক্সিকোর একটি হাইওয়েতে ট্রাক উল্টে ২৫ জন অভিবাসী মারা গেছে। তাদের মধ্যে অধিকাংশ মধ্য আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক।
মেক্সিকোর বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে চিয়াপাস প্রদেশে। আহত হয়েছেন ৩২ জন। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর।
চিয়াপাসের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, ট্রাকটি রাস্তায় অন্য কয়েকটি ট্রাকের সঙ্গে পাল্লা দিচ্ছিল। হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে চালক নিয়ন্ত্রণ হারান।
সেন্ট্রাল আমেরিকার গরিব নাগরিকেরা প্রায়ই যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশে মেক্সিকো দিয়ে বিপজ্জনক চেষ্টা চালায়। তাদের মধ্যে বেশির ভাগ আসে হন্ডুরাস, এল সালভাদর এবং গুয়াতেমালা থেকে।
স্থানীয় রেড ক্রস প্রধান ইসিড্রো হার্নান্দেজ জানিয়েছেন, দুর্ঘটনার শিকার হওয়া ট্রাকে প্রায় ৮০ জন যাত্রী ছিলেন। যারা আহত হননি তারা পালিয়ে গেছেন।
গত অক্টোবরে প্রায় সাত হাজার মানুষ কয়েকটি ভাগে মেক্সিকো দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করেন। ওই সময় তারাও দুর্ঘটনার কবলে পড়েন।