আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা বিনিময়ে পিছিয়ে নেই বলিউড। নারী শক্তির উদযাপন দেখা গেল একাধিক তারকার সোশ্যাল মিডিয়া পোস্টে। তারা ক্ষমতায়ন ও সাম্য নিয়ে কথা বলেন।
এ দিনে নারীদের পরস্পরের পাশে থাকার ও সমর্থনের আশাবাদ জানান ‘কাল হো না হো’-খ্যাত অভিনেত্রী ও ব্যবসা উদ্যোক্তা প্রীতি জিনতা। তিনি নারীর ক্ষমতায়নের দিকে জোর দেওয়ার বার্তা দেন।
কোচ রাকেশ যাদবকে ধন্যবাদ জানান ‘বাগি টু’ অভিনেত্রী দিশা পাটানি। নিজের শক্তিমত্তায় নারীদের এগিয়ে যেতে হবে- এমন বিশ্বাস তার।
মেধাবী অভিনেত্রী স্বরা ভাস্করের বার্তা একদমই আলাদা। তার মতে, নারী দিবস মানে শপিং ও সেলুনে ডিসকাউন্ট নয়।
সবাইকে নারী দিবসের শুভেচ্ছা জানান আয়ুস্মান খুরানা, ইয়ামি গৌতম ও আথিয়া শেঠিসহ অনেকে।
কন্যা শিশুদের শিক্ষায় জোর দেওয়ার বার্তা দেন বাঙালি অভিনেত্রী ও নির্মাতা কঙ্গনা সেন শর্মা। ছেলেদের সঙ্গে মেয়েদের শিক্ষার সাম্যের লক্ষ্যে বিশেষ একটি তহবিলে সাহায্য পাঠানোর আবেদনও জানান তিনি। হ্যাসট্যাগ হিসেবে ব্যবহার কের ‘এডুকেশন ফর ইকুয়ালিটি’।
শুভেচ্ছা বার্তার পাশাপাশি ‘কেয়ামত সে কেয়ামত তক’-খ্যাত জুহি চাওলা লেখেন, স্মরণ করুন নারীরা জন্মগতভাবে ক্ষমতার অধিকারী।