রূপগঞ্জের নাটকীয় জয়ের দিন শেখ জামালের হার

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম দিন জমজমাট ম্যাচ উপহার দিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ এবং ব্রাদার্স ইউনিয়ন। এক বল বাকি থাকতে নিষ্পত্তি হওয়া ম্যাচে মুক্তার আলী শেষ ওভারে ছয় হাঁকিয়ে রূপগঞ্জকে জয় এনে দেন। অন্য ম্যাচে উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৯ রানে হেরে গেছে নাসির হোসেনদের শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

সাভারে বিকেএসপির ৩ নম্বর মাঠে শুক্রবার টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রূপগঞ্জ। নির্ধারিত ৫০ ওভারে ব্রাদার্স ইউনিয়ন ২২০ রানে তোলে। রূপগঞ্জ জয় পায় ৩ উইকেটে।

শেষ ওভারে জয়ের জন্য তাদের দরকার ছিল ৯ রান। ক্রিজে মোহাম্মদ শহীদ এবং মুক্তার আলী। ভারতের ঘরোয়া ক্রিকেটে খেলা চিরাগ জনির প্রথম বলে সিঙ্গেল নেন শহীদ। মুক্তার পরের বল ডট দেন। ছয় হাঁকান তৃতীয় বলে। পরের দুই বল থেকে দুই আসলে জয় নিশ্চিত হয়।

ব্রাদার্সের সর্বোচ্চ স্কোরার ইয়াসির আলী। ৬৯ বলে ৬৫ রান করেন তিনি। ৫২ বলে ৩৫ করেন সাত নম্বরে নামা শরিফুল্লাহ। তিন নম্বরে নামা ফজলে মাহমুদ ৪৮ বলে খেলেন ৩৪ রানের ইনিংস

নাবিল সামাদ এবং মুক্তার আলী দুটি করে উইকেট নেন।

রূপগঞ্জকে উদ্বোধনীতে ৬৭ রানের ভালো শুরু এনে দেন দুই ওপেনার আজমির আহমেদ এবং মোহাম্মদ নাঈম। তিন নম্বরে নেমে ম্যাচসেরা শাহরিয়ার নাফীস ৯৮ বলে ৫৯ রানের কার্যকরী একটি ইনিংস খেলে যান। ১৬০ মিনিটের ইনিংসে দুটি চার হাঁকান তিনি। কোনো ছয়ের মার নেই।

এরপর ১৬৯ রানের ভেতর ৫ উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে রূপগঞ্জ। শেষ দিকে তৈরি হয় অনিশ্চয়তা। সাত বলে ১১ রান তুলে সব অনিশ্চয়তা উড়িয়ে দেন আট নম্বরে নামা মুক্তার। ৪ বলে ৩ করে তার সঙ্গে অপরাজিত থাকেন শহীদ।

দিনের অন্য ম্যাচে শেখ জামাল টস জিতে আগে ব্যাটিংয়ে পাঠায় উত্তরাকে। দলটি ৪ উইকেটে ২৪৯ রান তোলে। তাদের সর্বোচ্চ স্কোরার ওপেনার তানজিদ হাসান। ৭৫ বলে দুই চার এবং চারটি ছয়ে ৬৪ রান করেন তিনি। তিন নম্বরে নামা সজীব হোসাইন ৮৩ বলে ৬১ রানে অপরাজিত থাকেন। চারটি চার হাঁকান তিনি, কোনো ছয়ের মার নেই।

জবাব দিতে নেমে শুরু থেকে উইকেট হারায় শেখ জামাল। নাসির ৭৮ বলে ৪৮ রানের ইনিংস খেলে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। ১০৫ মিনিটের ইনিংসে তিনটি চার, একটি ছয় হাঁকান তিনি।

অধিনায়ক নুরুল হাসান সোহান ৬৫ বলে ৬৫ রানের ইনিংস খেলেও ম্যাচ শেষ করে যেতে পারেননি।