লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার প্রায় অর্ধেকের বেশ এলাকা বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়েছে। এই বিভ্রাটের জন্য দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ‘সাম্রাজ্যবাদী’ যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন বলে জানিয়েছে আলজাজিরা। গত বৃহস্পতিবারের ব্যস্ত সময়ে পুরোপুরি অন্ধকারে ঢাকা পড়ে রাজধানী কারাকাস। পরিস্থিতির ব্যাখ্যায় টুইটবার্তায় মাদুরো বলেন, ‘আমাদের জনগণের বিরুদ্ধে বৈদ্যুতিক যুদ্ধের নির্দেশনা দিচ্ছে সাম্রাজ্যবাদী আমেরিকা।’ যদিও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইম পম্পেও ভেনেজুয়েলার এমন অভিযোগ অস্বীকার করেছেন। বৃহস্পতিবারের ঘটনায় রাজধানী কারাকাসসহ ভেনেজুয়েলার ২৩টি প্রদেশের ১৫টিই বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। তবে সমালোচকরা বলছেন, দেশটির দুর্নীতি ও বিনিয়োগ ঘাটতিই বিদ্যুৎ গ্রিডের কাজে সমস্যা তৈরি করছে। দেশটির বেশিরভাগ এলাকায় যে জলবিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ সরবরাহ হয় সেখানে সংঘটিত ‘নাশকতা’র কারণে এ দুঃসহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ মাদুরো সরকারের। ভেনেজুয়েলার বিদ্যুৎমন্ত্রী লুইস মোটে বলেন, ‘দুষ্কৃতকারীরা দেশের বিদ্যুৎ ব্যবস্থাপনার মেরুদণ্ড গুরি জলবিদ্যুৎ বাঁধের জেনারেটর ও ট্রান্সমিশন ব্যবস্থাপনায় আঘাত হেনেছে। নাশকতার পেছনে দুষ্কৃতকারীরা দায়ী।’ উচ্চ মূল্যস্ফীতি ও ধসে পড়া অর্থনীতির ভেনেজুয়েলায় বিদ্যুতের আসা-যাওয়া এখন খুবই স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।