ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

হাইকোর্টের আদেশে স্থগিত করা হয়েছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন। গতকাল শুক্রবার সকালে জেলা প্রশাসন সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা-বিষয়ক মতবিনিময় সভায় জেলা প্রশাসক সুলতানা পারভীন এ তথ্য জানান। উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া বাংলাদেশের সঙ্গে একীভূত হওয়ার পর ওই এলাকার অধিবাসীদের পার্শ্ববর্তী তিন ইউনিয়নের সঙ্গে ভাগ করে দেওয়া হয়। এত দিন আলাদা ইউনিয়নের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল স্থানীয়রা। গত ৬ মার্চ ওই এলাকার উত্তর কামালপুর গ্রামের শরীফ উদ্দিন উপজেলা নির্বাচন তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ স্থগিতাদেশ দেয় বলে জানান অ্যাডভোকেট ফারহানা আবেদীন। জেলা প্রশাসক বলেন, ‘আদেশটি পেয়েছি। নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছি। ১০ মার্চ ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে না।’