নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচারের দায় প্রধানমন্ত্রী নেবেন কিনা সে প্রশ্ন তুলেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল।
ত্বকী হত্যাকাণ্ডের ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে শহরের ডিআইটি চত্বর এলাকায় সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আয়োজিত সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে সুলতানা কামাল সরকারের গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এ প্রশ্ন রাখেন।
সুলতানা কালাম বলেন, ত্বকী হত্যার বিচার না হলেও সারা দেশবাসী জানে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। সরকার বিচার না করলেও সমাজের সব বিবেকবান মানুষের মনে ত্বকী হত্যার বিচার হয়ে গেছে। রাষ্ট্রীয়ভাবে ত্বকী হত্যার বিচার না হওয়া পর্যন্ত এ আন্দোলনে পাশে থাকার কথাও জানান মানবাধিকার কর্মী সুলতানা কামাল।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাবেক সভাপতি ভাওবানি শংকর রায়ের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, সাবেক সভাপতি কবি হালিম আজাদ, খেলাঘর আসরের জেলা সভাপতি রথিন চক্রবর্তী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজলসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চাষাঢ়া শহীদ মিনারে দিয়ে জাতীয় সংগীতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্ত ঘটে। কয়েক শতাধিক সাংস্কৃতিক কর্মী এতে অংশগ্রহণ করেন।