যশোরে ৭ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

যশোরে ৩১ মার্চ অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে আট উপজেলায় জমা পড়া প্রার্থীদের মধ্যে ২৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে ১২ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন। এদিকে শার্শা উপজেলায় চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত বুধবার যাচাই-বাছাইয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যশোরের মনিরামপুর উপজেলায় গাজী সাব্বির আলম ও বাঘারপাড়া উপজেলায় মঞ্জুর রশিদ স্বপনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এদিকে অভয়নগর উপজেলায় চেয়ারম্যান পদে ছয়জনের মধ্যে পাঁচজনেরই মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন ইসলামী ঐক্যজোটের মনিরুল ইসলাম, জাতীয় পার্টির ফারুক আহমেদ, রবিন অধিকারী, সরদার অলিয়ার রহমান ও বর্তমান চেয়ারম্যান নূরুল হক মোল্যা। এ উপজেলায় চেয়ারম্যান পদে একমাত্র বৈধ প্রার্থী ক্ষমতাসীন দল মনোনীত শাহ ফরিদ জাহাঙ্গীর।