চট্টগ্রামে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে ১৩ হাজার ৪৩০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাতে নগরীর কোতোয়ালি থানাধীন স্টেশন রোড এলাকায় হোটেল প্যারামাউন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক মো. শফিকুল ইসলাম (২২) নামে ওই যুবক মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব।

শফিকুল কক্সবাজার জেলার টেকনাফ থানার পূর্ব পাড়া গ্রামের হাজী আব্দুস সালামের ছেলে।

র‌্যাব ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন রোডের হোটেল প্যারামাউন্টে অভিযান চালিয়ে মো. শফিকুলের ট্র্যাভেল ব্যাগ এবং দেহ তল্লাশি করে তার কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।