লক্ষ্মীপুরের রামগতিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আবুল বাশার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ সময় হামলায় নিহত আবুল বাশারের ছেলে আব্দুল মুকিত সোহেল (৪২) গুরুতর আহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার রামদয়াল উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ ও আহতকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আবুল বাশার চর আলগী ইউনিয়নের নুরুল হক হাফেজের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, স্থানীয় রামদয়াল বাজারের উত্তর পাশে একটি বিরোধীয় সম্পত্তি দখল করতে দেশীয় অস্ত্র নিয়ে আসেন স্থানীয় প্রভাবশালী রাসেলসহ ১০/১২ জন।
বিরোধকৃত জমির মালিকানা দাবি করলে আবুল বাশার ও তার ছেলে আবদুল মুকিত প্রতিবাদ করেন।
এ সময় আবুল বাশার ও ছেলে আবদুল মুকিতকে হামলাকারীরা এলোপাতাড়ি কিল-ঘুষি ও পিটিয়ে মারাত্মক আহত করেন।
মুমূর্ষু অবস্থায় আবুল বাশারকে স্থানীয় লোকজন ও নিকটাত্মীয়রা রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আবুল বাশারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
অপর আহতকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
রামগতি থানার ওসি মোহাম্মদ আরিচুল হক জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। ধারণা করছি ভয়ে আবুল বাশার নামের একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে তদন্ত প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।