বগুড়ায় প্রাইভেট কার-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

বগুড়ার আদমদীঘিতে প্রাইভেট কার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘি উপজেলার মুরইল বাসস্ট্যান্ডের অদূরে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- দুপচাঁচিয়া উপজেলার শেরপুর গ্রামের মৃত জগন্নাথ সাহার ছেলে শ্যামল সাহা (৪৮), একই উপজেলার নুরপুর গ্রামের জসীম উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৩৫) এবং নামাপোওতা গ্রামের উজির উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৫৫)।

আহতদের উদ্ধার করে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, নওগাঁ থেকে বগুড়াগামী একটি প্রাইভেট কার মুরইল বাসস্ট্যান্ডের পশ্চিম পাশের কালভার্টের কাছে পৌঁছালে বিপরীতমুখী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় কবলিত প্রাইভেট কার ও সিএনজি আটক করা হয়েছে। নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।