যে মেয়ে শিশুটির অনুপ্রেরণায় গোল পেলেন রবিউল

পাঁচ মাসের বিরতি দিয়ে শনিবার আন্তর্জাতিক ফুটবলে ফিরল বাংলাদেশ। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের দল। একমাত্র গোলটি এসেছে রবিউল হাসানের পা থেকে। আরামবাগের এই তারকা নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি পেয়েছেন এক শিশু ভক্তের অনুপ্রেরণা থেকে।

আগের দিন ফেসবুকে ছোট্ট সেই শিশু রবিউলকে শুভ কামনা জানিয়ে বলেছিলেন, ‘কালকে আপনার কাছে একটি গোল চাই।’ জাতীয় দলের ফরোয়ার্ড রবিউল হাসানের টাইমলাইনে ট্যাগ করে করা সেই ডিভিও ফুটবল ভক্তদের নজরে আসে। হৃদয় কাড়া সেই ভিডিও ছুঁয়ে গিয়েছিল রবিউলকেও।

ছোট্ট মেয়ে শিশুটির চাওয়া মাঠে পূরণ করেছেন রবিউল। ৮৩ মিনিটে তার একমাত্র গোলেই কম্বোডিয়ার মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারছে বাংলাদেশ। যে গোলটি আবার নিজের প্রথম আন্তর্জাতিক গোল বলে রবিউলের অনুভূতি অন্যরকম।

ম্যাচের পর কম্বোডিয়া থেকে রবিউল দেশ রূপান্তরকে বলেন, ‘‘এই অনুভূতি প্রকাশ করে শেষ করতে পারব না। এটা আন্তর্জাতিক ম্যাচে আমার প্রথম গোল। আল্লাহর কাছে তাই অনেক অনেক শুকরিয়া আদায় করছি।’’

রবিউল যোগ করে বলেন, ‘‘আর এই গোলটা আমি দেশবাসীর জন্য, সঙ্গে লিঙ্কন ভাইয়ের পিচ্চি মেয়েকে উৎসর্গ করছি।’’

বাংলাদেশের ফুটবলের একনিষ্ঠ ভক্ত ইব্রাহীম লিঙ্কনের শিশু কন্যা আগের দিন ভিভিও বার্তায় বলেছিলেন, ‘‘হ্যালো রবিউল চাচ্চু আপনি কেমন আছেন? কালকে আপনাদের জন্য শুভ কামনা। আপনার কাছ থেকে একটি গোল চাই।’’