‘নতুন দিনের নতুন রঙে সবার মন দুলে যায়, চারিদিকে রঙের খেলা, গানে ছন্দ খুঁজে পায়’ এমন কথায় তৈরি হয়েছে কুমার বিশ্বজিতের নতুন বৈশাখী গান। আসছে পহেলা বৈশাখ উপলক্ষেই প্রকাশ হবে গানটির তারকাবহুল মিউজিক ভিডিও। জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি ভিডিওতেও মডেল হিসেবে দেখা যাবে কুমার বিশ্বজিৎকে। আরও আছেন ওয়াহিদা মল্লিক জলি, নরেশ ভূঁইয়া, মনোজ কুমার, নাবিলা, মডেল আসিফ খান, শাহেদ ফারহানসহ একঝাঁক র্যাম্প মডেল।
কুমার বিশ্বজিৎ বলেন, ‘মাস দেড়েক আগে গানটি রেকর্ড হয়েছে। দেশীয় ঐতিহ্য ও উৎসবের গান এটি। অনেক বর্ণিল গানের লিরিকটা। বাংলাদেশের ষড়ঋতুর কথা বলা হয়েছে। বৈশাখ ছাড়াও যেকোনো উৎসবে গানটি ব্যবহার করা যাবে। লিরিক, টিউন, কম্পোজিশন সবকিছুই ভালো ছিল।’
দেশীয় ঐতিহ্যের ফ্যাশন হাউস বিশ্বরঙ-এর থিমসং হিসেবে তাদের ব্যানারে নির্মিত হচ্ছে এই মিউজিক ভিডিও। গানটির প্রযোজক ও গীতিকার বিপ্লব সাহা বলেন, ‘গানের কথায় বাংলার সুর-নদী, প্রকৃতির পাশাপাশি বাংলার তাত-রং-সুতা এ বিষয়গুলো উঠে এসেছে যা সাধারণত গানের ভাষায় খুঁজে পাওয়া যায় না। গানটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বাংলার যেকোনো উৎসবে শ্রোতাদের কানে বাজে।’