শাহ আমানতে ৬৮০ গ্রাম স্বর্ণসহ আটক ১

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছেন শুল্ক কর্মকর্তারা। গতকাল শনিবার সংযুক্ত আরব আমিরাত থেকে আসা যাত্রী জামাল উদ্দিনের (৪২) দেহ তল্লাশি করে এই স্বর্ণ উদ্ধার করা হয়। এর ওজন ৬৮০ গ্রাম বলে শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন। জামাল সাতকানিয়া উপজেলার কাঞ্চনা গ্রামের আনু মিয়ার ছেলে।

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার নূরউদ্দিন মিলন দেশ রূপান্তরকে বলেন, ‘সকালে এয়ার এরাবিয়ার (জি৯-৫২৬) ফ্লাইটে শারজাহ থেকে চট্টগ্রাম আসেন জামাল উদ্দিন। তার কাছে স্বর্ণ আছে বলে আগেই আমরা তথ্য পাই। কিন্তু জিজ্ঞাসাবাদে অস্বীকার করায় তাকে একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে এক্স-রে করানো হয়। এতে তার পায়ুপথে থাকা ধাতব পদার্থের অস্তিত্ব চিহ্নিত হয়। পরে পায়ুপথে রাখা স্বর্ণের বারগুলো বিশেষ কৌশলে বের করা হয়।’