বুড়িগঙ্গাসহ রাজধানীর আশপাশের নদীগুলোর পাড় থেকে চলমান অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানের জন্য সরকারকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নেতারা। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বুড়িগঙ্গার পাড় পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা এই অভিনন্দন জানান।
বাপার সহসভাপতি সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘আমরা পরিবেশবাদীরা বহুদিন ধরে বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা, ধলেশ্বরীসহ নদীগুলোকে দখলমুক্ত ও দূষণমুক্ত রাখতে আন্দোলন করে আসছি। সরকার এর আগেও দখলদার উচ্ছেদে দু-একবার উদ্যোগ নিয়েছে। কিন্তু কোনো উদ্যোগই সফলভাবে পরিচালিত হয়নি। অল্প কিছুদূর গিয়েই থমকে গেছে। কারণ নদীদখল ও দূষণের সঙ্গে প্রভাবশালীরা জড়িত। এবার যে অভিযান চলছে, এটা আমরা সমর্থন করি। এই উদ্যোগের জন্য সরকারকে আমরা অভিনন্দন জানাই।’
তিনি আরও বলেন, ‘সদরঘাট থেকে বসিলা পর্যন্ত এসে আমরা দেখলাম, বেশ কিছু অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হয়েছে। কিন্তু তার পরও দেখেছি, কোনো কোনো ক্ষেত্রে প্রভাবশালীদের চাপে অথবা অজ্ঞাত কারণে কোনো কোনো জায়গায় সরকার কম্প্রোমাইজ করছে, আপসমূলক ব্যবহার করছে। এমন যেন না হয়।’