দুই অর্ধে একটি করে গোল করলেন রবার্তো ফিরমিনো ও সাদিও মানে। এই দুই তারকার জোড়া গোল পাওয়ার দিনে বার্নলির বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও দাপুটে জয় তুলে নিয়েছে লিভারপুল।
রোববার অ্যানফিল্ডে বার্নলিকে ৪-২ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির ওপর চাপ অব্যাহত রাখতে সক্ষম হলো ইয়ুর্গেন ক্লপের দলটি। শনিবার রাতে ওয়াটফোর্ডকে ৩-১ গোলে হারায় ম্যানসিটি।
৩০ ম্যাচে ২৪ জয়, ২ ড্র ও ৪ হারে ৭৪ পয়েন্ট ম্যানসিটির। সমান ম্যাচে ২২ জয়, ৭ ড্র ও ১ হারে ৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুর।
ম্যাচের ছয় মিনিটে এগিয়ে যায় বার্নলি। কর্নার কিক থেকে অ্যাশলি ওয়েস্টউডের নেওয়া কিক সরাসরি ঢুকে যায় জালে। তবে ১৩ মিনিটের মধ্যে সমতায় ফেরে স্বাগতিক দল লিভারপুল। গোল করেন রবার্তো ফিরমিনো। ২৯ মিনিটে মানে গোল করলে প্রথমার্ধেই ২-১ এ লিড পেয়ে যায় লিভারপুর।
দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে ফিরমিনো নিজের দ্বিতীয় গোল আদায় করলে ম্যাচ প্রায় একতরফায় পরিণত হয়। ২০১৫ সালে লিভারপুলে পাড়ি দেওয়ার পর টানা চার মৌসুমে ১০ বা তার বেশি গোলের কীর্তি হলো ফিরমিনোর। গোল এবং এসিস্ট মিলে লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলে সেঞ্চুরিও পূরণ হয়েছে এই ব্রাজিলিয়ানের (৬৩ গোল, ৩৭ এসিস্ট) ।
যোগ করা সময়ে ব্যবধান ৩-২ করে বার্নলি। গোল করেন বার্গ গুডমান্ডসন। তবে এর দুই মিনিট পরই নিজের দ্বিতীয় গোল আদায় করেন মানে। তাতে ৪-২ গোলের জয় নিশ্চিত হয় লিভারপুলের।