আত্মীয়বাড়ি বেড়াতে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার ২ তরুণী, আটক ৬

বেনাপোলের পটুখালি গ্রামে রোববার সন্ধ্যায় দুই নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৬ যুবককে আটক করেছে পুলিশ।

আটক করা হয়েছে বেনাপোলের পটুখালি গ্রামের মোরশেদ (৩০), সোহেল মিয়া (২৫), প্লাবন বিশ্বাস (২৪) আব্দুল্লাহ (২২), আরিফুল ইসলাম (২৪) ও শিমুল হোসেন (২৫)। প্রত্যেকের বাড়ি পটুখালি গ্রামে।

বেনাপোল পোর্ট থানার সাব ইন্সপেক্টর আ. লতিফ জানান, ধর্ষণের শিকার তরুণীরা পটুখালি গ্রামে তাদের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে রবিবার সকালে। সন্ধ্যায় গ্রামের ৬ যুবক অস্ত্রের মুখে তাদের ওই বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় একটি আম বাগানে। সেখানে তাদের ৬ জন মিলে দলবদ্ধ ধর্ষণ করে।  

একপর্যায়ে যুবতীদের চিৎকারে মাঠে কর্মরত কৃষকেরা ছুটে এসে ধর্ষকদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৬ ধর্ষককে আটক করে।

ধর্ষণের শিকার তরুণীসহ আটক ধর্ষকেরা বেনাপোল পোর্ট থানায় পুলিশি হেফাজতে আছে।

সোমবার ভিকটিমদের ডাক্তারি পরীক্ষা করা হবে বলে পুলিশ জানায়। সাংবাদিকেরা ধর্ষকদের ছবি তুলতে গেলে বেনাপোল পোর্ট থানা-পুলিশ তাদের ছবি তুলতে দেয়নি।  এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।