স্টার্লিং-বালবির্নির নৈপুণ্যে সিরিজ বাঁচাল আয়ারল্যান্ড

লক্ষ্য তাড়া করতে নেমে পল স্টার্লিং ও আন্দ্রে বালবির্নির ব্যাটে দারুণ শুরু পেয়েছিল আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত এই দুজনের গড়ে দেওয়া ভিত্তির ওপর আফগানিস্তানের বিপক্ষে পঞ্চম ওয়ানডেতে জয় তুলে নিয়েছে আয়ারল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজ ২-২ এ ড্র হয়েছে।

ভারতের দেরাদুনে রোববার অনুষ্ঠিত ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছে আইরিশরা। অধিনায়ক আসগর আফগানের ব্যাটে আগে ব্যাট করে ৬ উইকেটে ২১৬ রানের পুঁজি গড়েছিল আফগানিস্তান। জবাবে ১৬ বল হাতে থাকতেই জয় নিশ্চিত করে আয়ারল্যান্ড।

২১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫৭ রান করেন অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড ও স্টার্লিং জুটি। পোর্টারফিল্ড ১৭ রান করে ফেরেন। এরপর দ্বিতীয় উইকেটে বিলবির্নিকে নিয়ে ৮১ রান যোগ করেন স্টার্লিং।

স্টার্লিং ৮৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ৭০ রান করে ফেরেন। বালবির্নির ব্যাট থেকে আসে ৯১ বলে ৬৮ রান। তার ইনিংসে ছিল ৪ চার। কেভিন ও’ব্রায়েন খেলেছেন ৩৩ রানের অপরাজিত ইনিংস। আফগানিস্তানের পক্ষে জহির খান ২ উইকেট নেন।

এর আগে আফগানিস্তান লড়ার পুঁজি পেয়েছিল আসগর আফগানের ব্যাটে। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে খেলেছেন ১১১ বলে ৮২ রানের ইনিংস। ৬টি চারের সঙ্গে মেরেছে ২ ছক্কা।

মোহাম্মদ নবীকে নিয়ে পঞ্চম উইকেটে ৭৬ ও সপ্তম উইকেটে ৬৫ রান যোগ করেন আসগর। নবীর ব্যাট থেকে আসে ৪০ রান। রশিদ খেলেছেন অপরাজিত ৩৫ রানের ইনিংস। আইরিশদের পক্ষে সর্বাধিক ২ উইকেট নিয়েছেন জর্জ ডকরেল। ম্যাচ সেরা হয়েছেন আসগর আফগান। সিরিজ সেরা হয়েছেন বালবির্নি।

সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে জিতেছিল আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তৃতীয় ম্যাচ আইরিশরা ৪ উইকেটে জেতার পর চতুর্থ ম্যাচটি ১০৯ রানে জিতে নিয়েছিল আফগানিস্তান। এর আগে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় আয়ারল্যান্ড। দুই দলের একমাত্র টেস্ট শুরু হবে ১৫ মার্চ।