জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা। বেছে বেছে চলচ্চিত্রে কাজ করেন তিনি। বিশেষ দিবসের নাটকেও দেখা মেলে তার। তবে বেশির ভাগ সময় ব্যস্ত থাকেন মডেলিং, ফটোশ্যুট, টিভি অনুষ্ঠান ও স্টেজে নাচের শো নিয়ে। এই গ্ল্যামারাস নায়িকা এবার নতুন জীবন শুরু করতে যাচ্ছেন। কানাডা প্রবাসী ব্যবসায়ী হিশাম চিশতীর সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়েছে।
তমা মির্জা গণমাধ্যমকে বলেন, ‘হিশাম চিশতী এখন কানাডায় আছেন। পারিবারিকভাবে পরিচয় আমাদের। তাদের পরিবারের লোকজন এসে গত শুক্রবার ঘরোয়া এক অনুষ্ঠানে আংটি পরিয়েছেন। এপ্রিলে চিশতী দেশে আসবে। এরপর আমরা সবাইকে জানিয়ে বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা করব।’ তমা জানিয়েছেন, কানাডায় ব্যবসার পাশাপাশি হিশাম চিশতী রাজনীতির সঙ্গেও যুক্ত আছেন।
এদিকে তমার হাতে এখন রয়েছে বেশ কিছু সিনেমার কাজ। ‘গহীনের গান’ সিনেমায় তমার বিপরীতে অভিনয় করেছেন আমান রেজা। সিনেমাটির পরিচালক সাদাত হোসেন। এ ছবিতে আরও অভিনয় করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। ছবিটি প্রযোজনা করছে বাংলাঢোল। আসিফ আকবরের গাওয়া ৯টি গানের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে সিনেমাটি। এ বছরই সিনেমাটি দেখতে পাবেন দর্শক। এই সিনেমা নিয়ে তমা মির্জা বলেন, ‘সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের গল্পভিত্তিক সিনেমা এটি। এ সিনেমাটির গল্পে অনেকটাই নিজেদের জীবন কাহিনী খুঁজে পাওয়া যাবে।’
শাহেদ চৌধুরী পরিচালিত ‘গুপ্তচর’ চলচ্চিত্রে তার বিপরীতে রয়েছেন জায়েদ খান। এক দম্পতির খুন হওয়ার ঘটনা আড়ালের ঘটনাকে খোঁজার গল্প এটি। এখানে তমা তদন্ত কর্মকর্তা। তিনি বলেন, ‘এই ধরনের চরিত্রে এবারই প্রথম কাজ করছি। চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং। তাই এ চলচ্চিত্রে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করতে আমাকে অনেক সময় ব্যয় করতে হয়েছে। পরিচালককে ধন্যবাদ এ ধরনের একটি চলচ্চিত্রে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য।’ এদিকে তমা মির্জা অভিনীত ও আরিফ পরিচালিত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ চলচ্চিত্রের শ্যুটিং প্রায় শেষ। এতে তার বিপরীতে আছেন নিরব। শাহরিয়ার নাজিম জয়ের ‘পাপকাহিনী’ ও আলম আশরাফের ‘কে’ চলচ্চিত্র দুটিও মুক্তির অপেক্ষায়। এ দুটি চলচ্চিত্রে তার বিপরীতে আছেন ইমন ও শাহরিয়ার।
চলচ্চিত্রের বাইরে সম্প্রতি উপস্থাপনায় নাম লিখিয়েছেন তমা। ‘প্রিয়তমার প্রিয়মুখ’ নামের অনুষ্ঠানটি নিয়মিত উপস্থাপনা করছেন তিনি। এটি প্রতি শনিবার দেশটিভিতে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রচার হচ্ছে।