ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আচরণবিধিতে সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের ওপর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ। সে নিয়ম মেনেই আজ সোমবার সংবাদকর্মীরা নির্বাচনের সংবাদ সংগ্রহ করবেন। নির্বাচনী বিধিতে বলা হয়েছে, সংবাদকর্মীরা অনুমতি ছাড়া কোনো ভোটকেন্দ্রে যেতে পারবেন না। রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে তারা শুধু ভোটকেন্দ্রের (সংশ্লিষ্ট হলের) গেস্ট রুম পর্যন্ত যেতে পারবেন। তবে আগে
থেকে পরিচয়পত্র নেওয়া না থাকলে সেটাও তারা পারবেন না।
গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে হল প্রভোস্টদের এক সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল থেকে রাত ১০টা পর্যন্ত ক্যাম্পাসের সব ফটক সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। কেবল ভোটারসহ ক্যাম্পাস সংশ্লিষ্টরা পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে পারবেন। ফলে সাধারণ জনগণকে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ করেছে কর্র্তৃপক্ষ। আজ ঢাবির সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।
নির্বাচনের দিন সংবাদকর্মীরা চিফ রিটার্নিং কর্মকর্তার ইস্যুকৃত পরিচয়পত্র দেখিয়ে এবং সংশ্লিষ্ট হলের রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে ভোটকেন্দ্রের গেস্টরুম/নির্ধারিত স্থান পর্যন্ত যেতে পারবেন। তবে ভোটকেন্দ্র থেকে খবর সরাসরি সম্প্রচার করা যাবে না। ভোটগ্রহণ কার্যক্রম ‘বাধাগ্রস্ত হতে পারে’, এমন কোনো কাজ করা যাবে না।
ভোটকেন্দ্রে মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নির্ধারিত সংখ্যক প্রতিনিধি (পাস পাওয়া সাপেক্ষে) ভোটকেন্দ্রের নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে পারবেন।
সংবাদকর্মীদের পরিচয়পত্র প্রাপ্তির জন্য চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে তা সংগ্রহ করতে বলা হয়। আবেদন সাপেক্ষে একটি টিভি চ্যানেলের জন্য সর্বোচ্চ চারটি ক্যামেরা ইউনিট এবং একটি প্রিন্ট মিডিয়ার সর্বাধিক দুজন সাংবাদিককে পরিচয়পত্র দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়। আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্র্তৃপক্ষের প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয়পত্রের কপি ও দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি সংযুক্ত করতে বলা হয়।
নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের তিনটি প্রবেশপথ (নীলক্ষেত, শাহবাগ ও হাইকোর্ট) বিশেষ নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকবে। ভোট কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ও পাসযুক্ত যানবাহন বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত তিনটি গেট দিয়ে চলাচল করবে।