২২১ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা কিউইদের

রস টেইলর ডাবল সেঞ্চুরি স্পর্শ করে ফিরতেই ইনিংস ঘোষণা করেছে নিউ জিল্যান্ড। পরিকল্পনা অনুযায়ী প্রথম ইনিংসে বড় স্কোর গড়েছে তারা। নিয়েছে ২২১ রানের লিড।

সোমবার ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিন চা বিরতির পর ইনিংস ঘোষণার আগে ৬ উইকেটে ৪৩২ রান করে নিউ জিল্যান্ড। এর আগে প্রথম ইনিংসে রোববার মাত্র ২১১ রানে গুঁড়িয়ে যায় বাংলাদেশ।

২২১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে অতিথি দল। এবার ইনিংসের শুরুতেই বিপর্যয়ে পড়েছে তারা। দলীয় ৫৫ রানেই উইকেট ছাড়া টপ-অর্ডারের তিন ব্যাটার তামিম ইকবাল, সাদমান ইসলাম ও মমিনুল হক।

সকালে আগের দিনের ২ উইকেটে ৩৮ রান নিয়ে খেলতে নেমে ভালো শুরুই পায় নিউজিল্যান্ড। টেইলর ও উইলিয়ামসনের জুটি ১৭২ রান যোগ করে। দিনের দ্বিতীয় ঘণ্টায় জুটি ভাঙেন তাইজুল ইসলাম। উইলিয়ামসন ৭৪ রান করে কট এন্ড বোল্ড হন।

চতুর্থ উইকেটে টেইলর-নিকোলসের জুটি তোলে ২১৬ রান। ১২৯ বলে নয় চারে ১০৭ রান করে চা বিরতির পর তাইজুলের বলে বোল্ড হন নিকোলস।

ডাবল সেঞ্চুরি পূর্ণ করার পর রস টেইলরও বেশিক্ষণ টিকে থাকেননি। মুস্তাফিজের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। তিনি ২০০ রান করেন। টেইলরের ২১২ বলের ইনিংসটিতে রয়েছে ১৯ চার ও চার ছক্কা। পরে আবু জায়েদ রাহীর বলে ওয়াটলিং আউট হলে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। গ্র্যান্ডহোম ২৩ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে রাহী তিনটি, তাইজুল দুটি, মুস্তাফিজ একটি করে উইকেট পান।