লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খাদে, আহত ৩০

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কের পার্শ্ববর্তী লক্ষ্মীপুর সদর উপজেলার করের পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীরা জানান, ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ করে আনন্দ পরিবহনের যাত্রীবাহী বাসটির সামনের চাকা ফেটে যায়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।

যাত্রীবাহী বাসটি নোয়াখালী থেকে ছেড়ে এসেছিল। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় বাসের ভেতরে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করেন। পরে আহতদের সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, আনন্দ পরিবহনের বাসটি উদ্ধার করার প্রস্তুতি চলছে। শিগগিরই এ ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য আইনানুগ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলায় চলাচলকারী একমাত্র লোকাল সার্ভিস আনন্দ পরিবহনের দুই ডজনেরও বেশি বাস চলাচলের অনুপযোগী বলে খবর পাওয়া গেছে।