দুমকিতে প্রার্থিতা ফিরে পেলেন চার প্রার্থী

পটুয়াখালীর দুমকিতে বাছাইয়ে বাদপরা পাঁচ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে চারজন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। গত রবিবার জেলা প্রশাসকের সভাকক্ষে আপিল বোর্ডের সিদ্ধান্তে চারজন ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। এরা হলেন শাহজাহান আকন সেলিম, হাফিজুর রহমান বাবুল, নাজমুন নাহার শিরিন ও চামেলী বেগম।

দুমকি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহীন শরীফ জানান, মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় শাহজাহান আকন সেলিম, ঋণখেলাপির অভিযোগে মো. হাফিজুর রহমান এবং মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত ভোটারের স্বাক্ষর গরমিল থাকায় নাজমুন নাহার শিরিন, চামেলী বেগম ও ফরিদা ইয়াসমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়। প্রার্থিতা বাতিল হওয়ায় তারা গত ৯ মার্চ জেলা প্রশাসকের কাছে আপিল করেন। আপিলে পাঁচ প্রার্থীর মধ্যে ওই চারজন ভাইস চেয়ারম্যান প্রার্থিতা ফিরে পান।

গত চারমার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বাছাইয়ে চেয়ারম্যান পদে চারজন ও ভাইস চেয়ারম্যান পদে দুজনের মনোনয়ন বৈধ এবং পাঁচ ভাইস চেয়ারম্যানের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।