সাভারের তালপট্টি এলাকায় সড়ক দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মিজানুর রহমান আতা নামে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, ছেলে এসআই হওয়ায় জোরপূর্বক সড়কের জমি দখল করে এ ভবন নির্মাণ করছেন আতা।
এলাকাবাসী জানায়, মিজানুর রহমান আতা সাড়ে ৩ শতাংশ জমি ক্রয় করলেও রাস্তা দখল করে প্রায় সাড়ে ৪ শতাংশ জমির ওপর বহুতল ভবন নির্মাণ করছেন। ইউনিয়ন পরিষদের অনুমোদন না নিয়ে এভাবে রাস্তা দখল করে ভবন নির্মাণের শুরুতেই তারা বাধা দেয় এবং ভবনের বর্ধিত অংশ ভেঙে ফেলে। পরে আতার ছেলে এসআই মশিউর রহমান সাদা পোশাকে কয়েকজন পুলিশ সদস্য নিয়ে এসে তাদের ওপর চড়াও হয়। পুলিশি হয়রানির হুমকি দেয়। বর্তমানে তারা আতঙ্কে রয়েছে।
ধামসোনা ইউপি সদস্য আবু সাদেক ভূঁইয়া দেশ রূপান্তরকে বলেন, ‘সড়কের জমি দখল করে জোরপূর্বক আতাউর রহমান আতা বহুতল ভবন নির্মাণ করছে। বিষয়টি জানার পর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে এবং এলাকাবাসী বর্ধিত অংশ ভেঙে ফেলেছে।’
ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ ম-ল বলেন, ‘রাস্তাটি সরু হয়ে গেছে। গাড়ি ঢুকতে অসুবিধা হওয়ায় এলাকাবাসী এর প্রতিবাদ জানিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশি ভয় দেখিয়ে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়েছে অভিযুক্তরা।’
রাজধানীর কলাবাগান থানায় কর্মরত মশিউর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে বলেন, ‘এলাকাবাসীর হুমকির বিষয়টি মিথ্যা ও বানোয়াট।
যদি রাস্তা দখল করে বাড়ি নির্মাণ করে থাকি সেটি সংশ্লিষ্টরা তদন্ত করে দেখুক।’