কাঁধের চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ওয়েলিংটনে বাংলাদেশের প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময় চোটটি পান তিনি।
উইলিয়ামসনের চোটাক্রান্ত জায়গায় মঙ্গলবার এমআরই করানো হয়। চোটটা খুব গুরুতর নয়। তারপরও বাড়তি সতর্কতা হিসেবে তাকে শনিবার থেকে শুরু হওয়া ক্রাইস্টচার্চে টেস্টে না খেলানোর চিন্তা করছে নিউজিল্যান্ড টিম ম্যানেজম্যান্ট।
উইলিয়ামসনের চোট প্রসঙ্গে নিউ জিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেন, “হ্যাঁ, কিছুটা ঝামেলা হয়েছে। অল্প একটু রক্তও বেরিয়েছে। তবে এটা বড় কোনো ইনজুরি নয়। আমরা আশা করছি, সে খুব দ্রুত সেরে উঠবে। তবে আমাদের নিশ্চিত করতে হবে সেটা যেন আর না বাড়ে। ক্রাইস্টচার্চে যখন সে যাবে, তখন বোঝা যাবে খেলবে কি খেলবে না।”
হ্যামিল্টন টেস্টে ইনিংসে জয়ের পর ওয়েলিংটন টেস্টেও মঙ্গলবার বাংলাদেশকে ইনিংস ও ১২ রানে জিতে নিউ জিল্যান্ড। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে দলটি। তাই তৃতীয় টেস্টের আগে নির্বারই থাকছে স্বাগতিক দল।
তবে সামনে বিশ্বকাপ থাকায় উইলিয়ামসনের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের নিয়ে ঝুঁকি নিতে নারাজ নিউ জিল্যান্ড।
“কোনো খেলোয়াড়ই টেস্ট দল থেকে তার জায়গা ছাড়তে চায় না। তবে আমরা মনে করছি, যদি কোনো ধরণের ঝুঁকি থাকে তবে আমরা তাকে ওই ম্যাচে খেলাব না।”