নির্মাণ শেষ না হতেই কালভার্টে ফাটল

নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে নির্মাণকাজ শেষে হতে না হতেই পটুয়াখালী সদর উপজেলার কুমারখালী খালের ওপর নির্মাণাধীন একটি কালভার্টে ফাটল দেখা দিয়েছে। বাঁশ দিয়ে কোনোরকমে কালভার্টের পতন ঠেকিয়ে রাখা হয়েছে।

উপজেলার লোহালিয়া কুড়িপাইকায় কুমারখালী খালের ওপর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ৪০ ফুট দৈর্ঘ্যের এ কালভার্টটি নির্মিত হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা আবু বকর ওরফে কবির মোল্লা রবিবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।

জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ২০১৭-১৮ অর্থবছরে ৩০ লাখ ৭৭ হাজার ৬৫৭ টাকা ব্যয়ে কুমারখালী খালের ওপর এ কালভার্টটি নির্মাণের জন্য ‘মা এন্টারপ্রাইজ’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শহিদুল ইসলাম সম্প্রতি কালভার্টের ঢালাই সম্পন্ন করেছেন। এটি এখনো মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া না হলেও কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। কয়েকটি স্থানে রড বের হয়ে গেছে।

পটুয়াখালী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নজরুল ইসলাম শনিবার কালভার্টটি সরেজমিনে পরিদর্শন করেছেন। তিনি জানান, রাস্তার লেবেল থেকে ১৬ ফুট মাটির নিচে থেকে ভিত্তি বেজ করার নিয়ম থাকলেও ঠিকাদার মাত্র ১০ ফুট মাটির নিচে বেজ করেছেন। ১৪ মিলি সাইজের রড ব্যবহারের কথা থাকলেও তিনি ১০ মিলি সাইজের রড ব্যবহার করেছেন। এ জন্য কালভার্টটি নাজুক হয়েছে এবং ভবিষ্যতে এটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে।বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

তবে অভিযোগ অস্বীকার করে ঠিকাদার শহিদুল ইসলাম জানান, শিডিউল অনুযায়ী কাজ করা হয়েছে। স্থানীয় লোকজন কালভার্টটির পাশ থেকে মাটি কেটে নেওয়ার কারণে সামান্য ফাটল দেখা দিয়েছে। শঙ্কার কিছু নেই। মেরামত করে দেব।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঠিকাদারের বিল পরিশোধ করা হয়নি। কোন ধরনের সমস্যা হলে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী জানান, এ ঘটনায় সদর উপজেলা নির্বাহী অফিসারকে একটি তদন্ত কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সদর উপজেলার নির্বাহী অফিসার লতিফা জান্নাতী জানান, এ ঘটনায় সদর উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন দাখিল করবেন।