ফ্ল্যাট রেজিস্ট্রেশনে খরচ কমানোর দাবি রিহ্যাবের

ফ্ল্যাট বা প্লট ক্রেতাদের রেজিস্ট্রেশন খরচ কমানোর দাবি জানিয়ে রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশনের (রিহ্যাব) চট্টগ্রাম কমিটির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী বলেছেন, বর্তমানে রেজিস্ট্রেশন সংক্রান্ত ব্যয় বেশি হওয়ায় ফ্ল্যাট বা প্লট ক্রেতারা রেজিস্ট্রেশন করার আগ্রহ হারিয়ে ফেলছে। এতে সরকার এই খাত থেকে যথাযথ রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। আয়কর অধ্যাদেশ অনুযায়ী পুনঃপ্রবর্তন করা না হলে, বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হবে। তাই অবিলম্বে রেজিস্ট্রেশন খরচ কমানো প্রয়োজন। পাশাপাশি আবাসন খাতে সরকারি সহায়তা বৃদ্ধি এবং নতুন গ্যাস, বিদ্যুৎ সংযোগ দেওয়া প্রয়োজন।

মঙ্গলবার চিটাগাং ক্লাব অডিটোরিয়ামে চার দিনব্যাপী রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু চিটাগাং বে ভিউতে আগামী ১৪ মার্চ থেকে শুরু হওয়া এই মেলা ১৭ মার্চ পর্যন্ত চলবে জানিয়ে আব্দুল কাইয়ূম চৌধুরী বলেন, সরকারি ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের যেভাবে কম সুদে দীর্ঘ মেয়াদে লোন দেওয়া হচ্ছে, সেভাবে বেসরকারি চাকরিজীবী ও অন্যান্যদের কম সুদে লোন দেওয়ার জন্য ২০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া প্রয়োজন। এই বিষয়ে তিনি সরকারের সুদৃষ্টি কামনা করেন।

তিনি আরও বলেন, মানুষের মৌলিক চাহিদার অন্যতম বাসস্থান। এই বাসস্থানের চাহিদা পূরণের নৈতিক দায়িত্ব সরকারের। কিন্তু সীমিত সম্পদের এই দেশে সরকারের একার পক্ষে এই চাহিদা পূরণ সম্ভব নয়। এ লক্ষে দেশের জনসংখ্যা বৃদ্ধি এবং দেশের আবাসন সংকট সমাধানে সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে রিহ্যাবের ১০২৯ সদস্য ডেভেলপার প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান কামাল মাহমুদ, রিহ্যাব রিজওনাল কমিটির চেয়ারম্যান মো. শাকিল কামাল চৌধুরী, কো-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. দিদারুল হক চৌধুরী, মাহবুব সোবহান জালাল তানভির ও চট্টগ্রাম রিজওনাল কমিটির সদস্য ও প্রেস অ্যান্ড মিডিয়া কমিটির আহ্বায়ক আবদুল গাফফার মিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় স্টল থাকবে ৭৬টি। এর মধ্যে ৭টি নির্মাণ সামগ্রী ও ১১টি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। বৃহস্পতিবার সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন।

এদিকে, মেলা উপলক্ষে বুধবার সকালে এমএ আজিজ স্টেডিয়াম চত্বর থেকে সাইকেল র‌্যালি বের করা হবে। ১৫ মার্চ সকালে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী। এছাড়া ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপন উপলক্ষে কেক কাটা হবে। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবর রহমান উপস্থিত থাকবেন।