কনফেকশনারি দোকানের আড়ালে মাদক ব্যবসা, আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কনফেকশনারি দোকানের আড়ালে মাদক ব্যবসার দায়ে দীপঙ্কর সাহা (৪০) ও জয় মোদক (৩০) নামে দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড় বাজার এলাকার হাসপাতাল রোডে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের একটি দল তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩৮ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে। আটক দুজনের বাড়ি ওই উপজেলার রাধানগর গ্রামে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. শরীফুল ইসলাম বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতাল রোডের মোদক স্টোর ও বিশ্বনাথ স্টোর নামে দুটি কনফেকশনারি দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানে তল্লাশি চালিয়ে ৩৮  ক্যান হান্টার বিয়ারসহ ওই দুজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটকেরা কনফেকশনারি দোকানের আড়ালে মাদক ব্যবসা করত। তাদের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।