শর্তসাপেক্ষে গতকাল মঙ্গলবার থেকে ক্লাস পরীক্ষায় ফিরেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষকরা। গত ১২ জানুয়ারি থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আসছিলেন তারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ জানান, উপাচার্য এবং রিজেন্ট বোর্ডের সদস্যরা রেজিস্ট্রার কর্র্তৃক গত ৪ মার্চ প্রেরিত চিঠির মাধ্যমে পুনঃঅনুরোধ ও ন্যায়বিচারের প্রতিশ্রুতি দিলে শিক্ষকরা গত সোমবার এক সভায় ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেন। তবে আগামী রিজেন্ট বোর্ডের সভায় ন্যায়বিচার না পেলে আগামী মে মাসে অনুষ্ঠিত সেমিস্টার ফাইনাল পরীক্ষাসহ সব প্রকার অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ করার হুঁশিয়ারি দেন তারা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের র্যাগিংবিরোধী প্রচার ছাত্রলীগ নেত্রী হুমায়রা আজমিরি এরিন ও তার অনুসারীদের বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই মাস ধরে অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। এ ঘটনায় এরিনের পক্ষে যশোর জেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক আনোয়ার হোসেন বিপুল ড. ইকবাল কবির জাহিদকে মোবাইল ফোনে হুমকি দিলে ক্ষুব্ধ হন শিক্ষকরা।