রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশা নিধনে কর্র্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও অবহেলা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে মশা নিধনে কেন জরুরি পদক্ষেপ নেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। এক রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।
চার সপ্তাহের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বেসরকারি বিমান চলাচল কর্র্তৃপক্ষের চেয়ারম্যান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও বিমানবন্দর সংলগ্ন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তানভির আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। এর আগে শাহজালাল বিমানবন্দরে মশা নিধনে ব্যর্থতায় সংশ্লিষ্টদের আইনি নোটিস পাঠান এ আইনজীবী। জবাব না পাওয়ায় গত ৩ মার্চ হাইকোর্টে রিট আবেদন করেন তিনি।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার দেশ রূপান্তরকে বলেন, ‘সম্প্রতি শাহজালাল বিমানবন্দরে মশার উপদ্রবে যাত্রীরা নাজেহাল হচ্ছেন। এ নিয়ে বিদেশি পর্যটকদের মধ্যে নেতিবাচক ধারণা হচ্ছে। তাই মশার উপদ্রব নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তায় প্রশ্ন তুলে রুল জারি করেছেন হাইকোর্ট।’