টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে দুর্বৃত্তদের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। আহত অপরজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের মৃত ডাকাত নুরুল আলমের অনুসারী সাদেক, সেলিম, রফিক, নুর ছালাম ও জকিরের নেতৃত্বে একদল স্বশস্ত্র রোহিঙ্গা গ্রুপ এইচ ব্ল এমআরসি নং-৬১০০১, শেড নং-৬৪০, রোম নং-৬ এর বাসিন্দা আজিম উল্লাহর ছেলে মোহাম্মদ হোছন প্রকাশ পুলাইয়া (২৪) ও এমআরসি নং-১২৩৬৫, শেড নং-৬৪৬, রোম নং- ৫ এর বাসিন্দা মৃত শামসুদ্দিনের ছেলে মো. ইলিয়াছ প্রকাশ জজাইয়াকে (২৭) গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলে মোহাম্মদ হোছন প্রকাশ পুলাইয়া মারা যান।

হঠাৎ করে গুলির শব্দে সাধারণ রোহিঙ্গারা আতংকিত হয়ে কেউ বাড়ি থেকে বের হননি। প্রায় আধা ঘণ্টা পর লোকজন জড়ো হয়ে অপর গুলিবিদ্ধ ইলিয়াছ প্রকাশ জজাইয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়।

নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের আইসি মো. কবির হোসেন রোহিঙ্গা স্বশস্ত্র গ্রুপের হামলায় একজন নিহত ও গুলিবিদ্ধ অপরজন হাসপাতালে চিকিৎসাধীন থাকার সত্যতা নিশ্চিত করেছেন।