রোনালদোর হ্যাটট্রিক দেখে কাঁদলেন বান্ধবী জর্জিনা

অতিমানবীয় এক ম্যাচ খেললেন ক্রিস্তিয়ানো রোনালদো। অসাধারণ এক হ্যাটট্রিকে অনিশ্চয়তার মধ্যে থাকা ইউভেন্তুসকে এনে দিলেন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের টিকিট। পর্তুগিজ ফরোয়ার্ডের এমন বীরত্ব দেখে চোখে পানি ধরে রাখতে পারলেন না তার বান্ধবী জর্জিনা রদ্রিগেস।

আতলেতিকো মাদ্রিদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ২-০ গোলের হার নিয়ে মঙ্গলবার নিজেদের মাঠে ফিরতি লেগের লড়াইয়ে নামে ইউভেন্তুস। তাতে স্মরণীয় এক নৈপুণ্য দেখালেন দলটির আক্রমণভাগের খেলোয়াড় রোনালদো। হেডে দুই গোল করে দলকে সমতায় ফেরানোর পর ম্যাচের শেষ দিকে কোয়ার্টার-ফাইনালের টিকিট এনে দেওয়া গোলটি করেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

গ্যালারিতে বসেই ম্যাচটি উপভোগ করেছেন জর্জিনা। ৮৬তম মিনিটে রোনালদো হ্যাটট্রিকসূচক গোল করতেই আনন্দের অশ্রুধারায় ভাসেন জর্জিনা। খুব চেষ্টা করেও কান্না চেপে রাখতে পারেননি তিনি।

বাবা রোনালদোর অবিশ্বাস্য নৈপুণ্যে উল্লাসে মেতেছেন গ্যালারিতে থাকা আট বছর বয়সী ছেলে ক্রিস্তিয়ানো জুনিয়রও।

রোনালদোর চার সন্তানের মধ্যে আলানা মার্তিনা নামের একটি কন্যা সন্তান রয়েছে। এছাড়া ইভা ও মাতেও নামের রোনালদোর অপর দুই শিশু সন্তানকেও লালন-পালন করেন পর্তুগিজ এই মডেল।

ম্যাচ শেষে প্রিয় রোনালদোর উদ্দেশে ইনস্টাগ্রামে একটি মর্মস্পর্শী পোস্ট দিয়েছেন জর্জিনা। পোস্টের সঙ্গে রোনালদোর ছোটবেলার একটি ছবি জুড়ে দিয়ে জর্জিনা লিখেছেন: “৩-০ গোলের এই জয় কেউই কেড়ে নিতে পারবে না। এটা তোমার প্রাপ্য।”

“আত্মনিবেদনের জন্যই তুমি এমনটার যোগ্য। সতীর্থ, কোচ ও আমরা যারা তোমার প্রশংসা করি এবং প্রতিদিন তোমাকে সমর্থন করি তাদের জন্য তুমি একটা ট্রেলার।...আমরা তোমাকে ভালোবাসি।”