চ্যাম্পিয়ন জাহানারার সিলেট, সেরা খেলোয়াড় রুমানা

তারা দুজনেই খুলনার ক্রিকেটার। তবে মেয়েদের জাতীয় লিগে জাহানারা আলম খেলেছেন সিলেট বিভাগের হয়ে, রুমানা আহমেদ খুলনার হয়ে। তবে মেয়েদের জাতীয় লিগটির শিরোপা গেছে জাহানার নেতৃত্বাধীন সিলেট বিভাগের ঘরে।

টানা দ্বিতীয়বারের মতো আসরে চ্যাম্পিয়ন সিলেট। রুমানার খুলনা রানার্সআপও হতে পারেনি। তবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহ ও সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রুমানা।

মঙ্গলবারই টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়ে যায় সিলেটের। নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রাম বিভাগকে ২ উইকেটে হারায় সিলেট। সাত ম্যাচের সাতটিতেই জিতে ১৪ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় দলটি।

সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে ঢাকা বিভাগ। বুধবার আসরের শেষ দিন রংপুরকে ১৬ রানে হারায় ঢাকা। অন্য ম্যাচে খুলনা ৪ উইকেটে হারিয়েছে বরিশাল বিভাগকে।

আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন সিলেটের মোর্শেদা খাতুন হ্যাপি। ৭ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৩টি ফিফটি সহ ৪১৪ রান করেছেন তিনি। সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন দুজন- রুমানা ও বরিশাল বিভাগের নাহিদা আক্তার। ৭ ম্যাচে মোট ১৬ উইকেট দুজনের।

ব্যাট হাতে আসরে ২০৫ রান ও মোট ১৬ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হয়েছেন রুমানা। উদীয়মান তারকা হয়েছেন ময়মনসিংহের ১৪ বছর বয়সী লেগ স্পিনার স্বর্ণা। ৭ ম্যাচে তিনি নিয়েছেন ১৫ উইকেট।