ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়ার বিরল রেকর্ড

সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে ২-০ তে পিছিয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। এরপর ভারতের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়ানো সফরকারী দলটির। টানা তিন ম্যাচ জিতে ৫ ম্যাচের সিরিজ নিজেদের করে নেওয়া। তাতে রচিত হলো ইতিহাসও। ভারতের বিপক্ষে প্রথম দল হিসেবে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে পিছিয়ে পড়ার পরও জিতে নিল সিরিজ।

বুধবার দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ওয়ানডেতে ভারতকে ৩৫ রানে হারায় অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে ওসমান খাজার সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৭২ রান করে সফরকারী দল। জবাবে ভারত গুটিয়ে গেছে ২৩৭ রানে।

এর আগে পাঁচ বা তার বেশি ম্যাচের সিরিজে ২-০ তে পিছিয়ে পড়ে জয়ের রেকর্ড ছিল মোট চারটি। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা পাকিস্তান সফরে গিয়ে এ নজির গড়ে। বাংলাদেশ ঘরের মাঠে ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরেও সিরিজ জিতেছিল ৩-২ এ।

এরপর দক্ষিণ আফ্রিকায় আরেকবার করে দেখায় সেটি। ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকা ২০১৬ সালে জিতেছিল। এ ছাড়া পাকিস্তান ২০০৫ সালে ভারতের বিপক্ষে ছয় ম্যাচ সিরিজের প্রথম দুটি হারের পর ৪-২ এ সিরিজ নিজেদের করে। শুধু পাঁচ ম্যাচের সিরিজ ধরলে মাত্র তৃতীয় দল হিসেবে অস্ট্রেলিয়া গড়ল এমন কীর্তি।

ওসমান খাজার সেঞ্চুরি আর পিটার হ্যান্ডসকম্বের ফিফটিতে চ্যালেঞ্জিং পুঁজি গড়ে অস্ট্রেলিয়া। তবে সফরকারী দলের স্কোরটা তিন শ পেরোবে এক পর্যায়ে এমনও মনে হচ্ছিল। ৩২ ওভারেই ১ উইকেটে ১৭৪ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। কিন্তু আসল সময়ে ভারতীয় বোলাররা অজিদের বেঁধে রাখতে সক্ষম হয়।

ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়ে খাজা থামেন ঠিক ১০০ রানে। ১০৬ বলে ১০ চার ও ২ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। ৬০ বলে ৪ চারে ৫২ রান করেন হ্যান্ডসকম্ব।

২০ রান করে এসেছে মার্কাস স্টয়নিস ও অ্যাস্টন টার্নারের ব্যাট থেকে। আট নম্বরে নেমে রিচার্ডসন খেলেছেন ২১ বলে ২৯ রানের ইনিংস।

ভারতের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার। ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা।

২৭৩ রানের লক্ষ্যটা ভারতের জন্য খুব বড় কিছু হওয়ার কথা নয়। কিন্তু অজি বোলাররা সেটিই অসাধ্য করে তুললেন বিরাট কোহলির দলের জন্য। ওপেনিংকে রোহিত শর্মা ৫৬ রান করলেন। কিন্তু শিখর ধাওয়ান ১২, বিরাট কোহলি ২০, রিশভ পান্ত ১৬ ও বিজয় শঙ্কর ১৬ রানের বেশি করতে পারেননি।  

কেদার যাদভ ও ভুবনেশ্বর কুমার সপ্তম উইকেটে লড়াই চেষ্টা করলেন। ৯১ রান যোগ করেন এই দুজন। কিন্তু সেটা জয়ের জন্য যথেষ্ট হয়নি। কেদার ৪৪ ও ভুবনেশ্বর করেন ৪৬ রান। অজিদের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা। ২টি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স, রিচার্ডসন ও মার্কাস স্টয়নিস। ম্যাচ সেরা হয়েছেন ওসমান খাজা।

বিশ্বকাপের আগে ভারতের জন্য এটিই ছিল সবশেষ সিরিজ। সেই সিরিজে হেরে গেল দলটি। অস্ট্রেলিয়া অবশ্য পাকিস্তানের বিপক্ষে একটি সিরিজ খেলবে। তবে বিশ্বকাপের আগে যে নিজেদের ছন্দ ফিরে পেয়েছে দলটি, সেই বার্তাই যেন এই সিরিজেই দিয়ে দিল বিশ্ব চ্যাম্পিয়নরা।