পারিবারিক কলহের জেরে সিরাজগঞ্জের বেলকুচিতে এক দম্পতি আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের উত্তর চন্দনগাতী গ্রামে এ ঘটনা ঘটে। পরে গতকাল বুধবার সকালে নাজমুল (২২) ও তার স্ত্রী মিনু খাতুনের (২০) মরদেহ উদ্ধার করে বেলকুচি থানার পুলিশ। নাজমুল চন্দনগাতী গ্রামের এরশাদ আলীর ছেলে। বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘মঙ্গলবার রাতে নাজমুল ও তার স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রীকে ঘরে রেখে নাজমুল বাইরে বের হয়ে যান। এতে ক্ষুব্ধ হয়ে বিষপানে আত্মহত্যা করেন মিনু। পরে মাঝরাতে নাজমুল ঘরে ফিরে স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখে নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।’ ওসি আনোয়ারুল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।