পার্বতীপুরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

দিনাজপুরের পার্বতীপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের চকেরবাজার পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। মরে ভেসে ওঠা মাছগুলো সকালে স্থানীয় লোকজন যে যার মতো নিয়ে যায়।

পুকুরের মালিক মনিরুজ্জামান মনির জানান, তার ৩৩ শতকের একটি পুকুরে ফলি, রুই, কাতল, মৃগেল, সরপুটি ও তেলাপিয়া মাছ চাষ করেছেন। পারিবারিক শক্রতার জের ধরে তার পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। পাঁচ দিন আগে মনিরকে প্রতিপক্ষ প্রকাশ্যে হুমকিও দিয়েছিল। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। 

পার্বতীপুর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান গতকাল বুধবার বিকেলে বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। পুকুরের মালিককে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।’