সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় দুর্বৃত্তরা বদরুল আমিন (২২) নামে এক তরুণকে গলা কেটে হত্যা করেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার দরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বদরুল উপজেলার দরাকুল গ্রামের মমতাজ আলীর ছেলে। নিহত বদরুলের পরিবারের বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, বদরুল গত মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। গতকাল দুপুরে দরাকুল প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি ঝোপে তার গলা কাটা লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বদরুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকা-ে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।