কালীগঞ্জে জুয়া ঠেকাতে লাঠি হাতে তরুণরা,

গাজীপুরের কালীগঞ্জে জুয়া খেলা ঠেকাতে লাঠি হাতে তুলে নিয়েছে তরুণরা। গত মঙ্গলবার রাতে উপজেলার তুমলিয়া ইউনিয়নের টিওরী গ্রামে এমন চিত্র দেখা গেছে।
স্থানীয় তরুণরা জানায়, দীর্ঘদিন ধরে মৌখিকভাবে বলার পরও জুয়ার সঙ্গে জড়িতরা বিষয়টি থেকে সরেনি। এ কারণে তারা নিজেরাই হাতে লাঠি তুলে নেয়। তাদের উদ্দেশ্য গ্রামে সুস্থ পরিবেশ বিরাজ করুক। টিওরী গ্রামের বাসিন্দা রিয়াজুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবৎ ওই গ্রামের বিপথগামী একটি চক্র প্রতিদিন কোনো কাজকর্ম না করে রাত-দিন জুয়া খেলায় মত্ত থাকে। এতে একদিকে তাদের পরিবারে যেমন বিশৃঙ্খলা দেখা দিচ্ছে তেমনি তাদের পরিবারগুলোর কারণে সমাজেও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আবার এলাকায় বিভিন্ন বাড়িঘরে চুরির ঘটনাও ঘটছে। ধারণা করা হচ্ছে, কাজকর্মবিহীন লোকগুলোই তাদের জুয়ার টাকার জোগান দিতে চুরির ঘটনাগুলো ঘটাচ্ছে।

কালীগঞ্জ থানার ওসি আবুবকর মিয়া বলেন, ‘এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে স্থানীয় যুবসমাজকে সঙ্গে নিয়ে কাজ করব।’