সিলেটের মেয়েরা ফের চ্যাম্পিয়ন ক্রীড়া প্রতিবেদক

দশম নারী জাতীয় ক্রিকেট লিগের শিরোপা টানা দ্বিতীয়বার জিতে নিল সিলেট বিভাগ। গতকাল কক্সবাজারের শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শেষ হয়েছে টুর্নামেন্ট। সাত ম্যাচের প্রতিটি জিতে ১৪ পয়েন্ট নিয়ে গেলবার জেতা শিরোপা ধরে রাখল সিলেট। ১০ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে ঢাকা বিভাগ।

গতবার টি-টোয়েন্টি ফরম্যাট থাকলেও এবারের টুর্নামেন্ট ছিল ৫০ ওভারের। বিভাগীয় আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে। সাত ম্যাচে ২০৫ রান ও ১৬ উইকেট নিয়ে খুলনার অলরাউন্ডার রুমানা আহমেদ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন। সাত ম্যাচে ৪১৪ রান করে সিলেটের মুর্শেদা খাতুন হ্যাপি সেরা ব্যাটসম্যান। রুমানার মতো ১৬ উইকেট নিয়ে তার সঙ্গে সেরা বোলার হয়েছেন বরিশালের নাহিদা আখতার। ময়মনসিংহের ১৪ বছরের লেগ স্পিনার স্বর্ণা সাত ম্যাচে ১৫ উইকেট নিয়ে সবচেয়ে প্রতিশ্রুতিশীল খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন।