কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল ইসলাম (২৮) নামে এ ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে টেকনাফ উপজেলার খানকারডেইল এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি।
নিহত নুরুল ইসলাম টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।
টেকনাফ ২নং ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, গোপন সংবাদে বিজিবির একটি দল জানতে পারে যে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের খানকারডেইল গ্রামের পূর্ব পাশে মেহেদীর লবণ প্রজেক্টের উত্তর-পশ্চিম দিক দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা বাংলাদেশে প্রবেশ করবে। এই খবরে বিজিবির দলটি অভিযানে নামে।
এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা বিজিবি টহলদলের উপর অতর্কিতভাবে গুলি বর্ষণ ও ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে।
এতে বিজিবি’র টহলদলের একজন সদস্য আহত হয়। এ সময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করে। পক্ষের মধ্যে প্রায় ১০-১২ মিনিট গোলাগুলি হয়।
পরে ইয়াবা পাচারকারিরা গুলি করতে করতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গোলাগুলি থামার পর বিজিবির টহল দলের সদস্যরা এলাকা তল্লাশি করে অজ্ঞাতনামা এক ইয়াবা পাচারকারিকে গুলিবিদ্ধ অবস্থায় পান। তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজিবির এ কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থল থেকে ৭ হাজার পিস ইয়াবা ও দুইটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য টেকনাফ থানা পুলিশের মাধ্যমে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।