জমির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল তরুণের

বাগেরহাটের মোরেলগঞ্জে জমির সীমানাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাহীন সরদার (১৭) নামে এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন। বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শাহীন সরদার মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের মহিষপুরা উত্তর চর গ্রামের কালাম সরদারের ছেলে।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, “মোরেলগঞ্জের মহিষপুরা উত্তর চর গ্রামের কালাম সরদার ও টিটু শেখ প্রতিবেশী। এই দুই প্রতিবেশী একে অপরের আত্মীয়। জমির সীমানার উপর দিয়ে যাতায়াত করা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।”

“বুধবার রাত আটটার দিকে পূর্ব বিরোধকে কেন্দ্র করে ওই দুই পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র একপর্যায়ে ওই দুই পরিবারের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িতে পড়লে এতে উভয়পক্ষের ৬/৭ জন আহত হন।”

ওসি জানান, স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে শাহীন সরদার নামে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। তবে জড়িত কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি।