একই গ্রামের দুই প্রবাসীর ঘরে ডাকাতি

লক্ষ্মীপুরে একই গ্রামের দুই সৌদি প্রবাসীর ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার মটবী গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তদের দাবি, স্বর্ণালংকার, মোবাইল ও নগদ টাকাসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয় মুখোশধারী ডাকাত দল।

ভোরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।

ভুক্তভোগীরা জানান, মটবী গ্রামের চৌকিদার বাড়ির সৌদি প্রবাসী রহমত উল্যাহ মনু ও পাটোয়ারী বাড়ির জহির উদ্দিনের দালানের কলাপসিবল গেটের তালা ও দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মুখোশ পরা ৮/১০ জনের একদল ডাকাত ধারালো অস্ত্র নিয়ে ঘরে ঢুকে পরিবারের লোকজনের হাত-পা ও মুখ বেঁধে ৪ ভরি স্বর্ণ, আইফোনসহ ৫টি মোবাইল সেট এবং নগদ ৬২ হাজার টাকা লুট করে পালিয়ে যায় তারা।

এদিকে, ঐ রাতেই একই ইউনিয়নের রতনপুর গ্রামের মক্কা মঞ্জিল থেকে জয়নাল আবেদীনের একটি ১১০ সিসি একটি জারা মোটরসাইকেল চুরি হয় বলে জানা গেছে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।