স্কোর বোর্ডে মাত্র ১০৬ রানে পুঁজি ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। ছোট্ট এই পুঁজি নিয়েও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে রেকর্ড গড়া জয় তুলে নিয়েছে দলটি।
বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে জিয়াউর রহমানের অলরাউন্ড নৈপুণ্যে ১২ রানের জয় তুলে নেয় শেখ জামাল। আসরে এটি তাদের প্রথম জয়।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ৩৫.১ ওভারে ১০৬ রানে গুটিয়ে যায় শেখ জামাল। জবাবে ২৯ ওভারেই শাইনপুকুর গুটিয়ে গেছে ৯৪ রানে। বাংলাদেশের ঘরোয়া লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে কম পুঁজি নিয়ে জয় এটি।
জাতীয় দলের সাবেক অলরাউন্ডার জিয়া ব্যাট হাতে ৪১ রানের পর বল হাতে নেন ৫ উইকেট। সালাউদ্দিন শাকিল নিয়েছেন ৪ উইকেট।
এই দুজনের বোলিং তোপে দারুণ শুরুর পরও এক শ রানের মধ্যে গুটিয়ে যায় শাইনপুকুর। দুই ওপেনার উদয় কাউল ও সাব্বির হোসেন উদ্বোধনী জুটিতে যোগ করেন ৪৬ রান। ২৬ রান করা সাব্বিরকে ফিরিয়ে জিয়া জুটি ভাঙলেন। সালাউদ্দিন শাকিলকে নিয়ে শুরু করেন উইকেট উৎসব।
তাতে শুরু হলো শাইনপুকুরের ব্যাটসম্যানদের আসা যাওয়া। বাকি ৪৮ রান যোগ করতেই ৯ উইকেট হারিয়ে গুটিয়ে যায় দলটি। কাউল দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেন। ১৩ রান এসেছে সোহরাওয়ার্দী শুভর ব্যাট থেকে।
এর আগে আগে ব্যাট করতে নামা শেখ জামাল দেলোয়ার হোসেন ও শরিফুল ইসলামের তোপে ৪৭ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট। পরে উইকেট উৎসবে যোগ দেন সাব্বির হোসেন। অন্যদের আসা যাওয়ার মাঝে ৫৮ বলে ২টি করে ছক্কা ও চারে ৪১ রান করেন জিয়া। শাইনপুকুরের পক্ষে সর্বাধিক ৪ উইকেট নেন সাব্বির। শরিফুল ৩টি ও দেলোয়ার নিয়েছেন ২ উইকেট।
ম্যাচ সেরা হয়েছেন জিয়াউর রহমান। ৩ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট শেখ জামালের। সমান ম্যাচে শাইনপুকুর এখনো জয়ের দেখা পায়নি।