ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরতলি ঘাটুরা এলাকায় ১ নম্বর কূপ এলাকায় এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র স্টেশন অফিসার সাকারিয়া হায়দার জানান, গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপের আউট লাইনে বিকেল ৫ টায় তেল লিকেজ হয়ে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল থেকে ফায়ার সার্ভিসের টিম পৌঁছে সন্ধ্যা ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত চলছে।
তিতাস গ্যাস ফিল্ডের একটি সূত্র জানায়,অগ্নিকাণ্ড মুহূর্তের মধ্যে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। ওই এলাকায় কর্মরত শ্রমিকদের মধ্যে তখন ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার সুব্রত মালাকার বলেন, গ্যাস ফিল্ডের নিজস্ব ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইলের দু’টি ইউনিট আগুন নেভাতে চেষ্টা চালায়। এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।