ঘুষের অভিযোগ

ইবির শাখা কর্মকর্তা সাময়িক বহিষ্কার

শিক্ষার্থীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের শাখা কর্মকর্তা মোক্তার হোসেনকে সাময়িক বহিষ্কার করেছে কর্র্তৃপক্ষ। বুধবার সন্ধ্যায় এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আবদুল লতিফ। তিনি বলেন, ‘বুধবার দুপুরে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী নেয়ামুল কবির অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট তুলতে গেলে শাখা কর্মকর্তা মোক্তার ৫০০ টাকা ঘুষ নেন বলে লিখিত অভিযোগ দেওয়া হয়। এর প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সাময়িক বহিষ্কারসহ কেন চাকরিচ্যুত করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিস দিয়েছে।’

এ ঘটনায় ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মেহের আলীকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে হবে।