সংঘর্ষে প্রাণ গেল তরুণের

বাগেরহাটের মোরেলগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে শাহীন সরদার (১৭) নামে এক তরুণ নিহত হয়েছেন।  তিনি উপজেলার মহিষপুরা উত্তর চর গ্রামের কালাম সরদারের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণের মৃত্যু হয়।
মোরেলগঞ্জ থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, ওই গ্রামের কালাম সরদার ও টিটু শেখ প্রতিবেশী। জমির সীমানার ওপর দিয়ে যাতায়াত নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। গত বুধবার রাত ৮টার দিকে এ বিরোধকে কেন্দ্র করে ওই দুই পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।